The Danger of Educated Minds Without Values
আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে
এই কথাটির মধ্যে প্রতিটি অভিভাবকের অন্তরের আকাঙ্ক্ষা প্রকাশ পায়। প্রত্যেক বাবা-মা চান, তাঁদের সন্তান জীবনে সফল হোক, ভালো থাকুক, উন্নতির শিখরে পৌঁছাক। কিন্তু শুধুমাত্র পুঁথিগত বিদ্যা কি সেই লক্ষ্য পূরণ করতে পারে? নাকি এর সঙ্গে প্রয়োজন সঠিক নীতি, মূল্যবোধ এবং চরিত্র গঠন?
শিক্ষার সঙ্গে চরিত্রের গুরুত্ব
শুধু শিক্ষা আর ডিগ্রির পিছনে দৌড়ানো যথেষ্ট নয়। জ্ঞান যদি সঠিক ব্যবহার, নৈতিকতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে না আসে, তবে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। এটি ত্রেতাযুগে যেমন সত্য ছিল, আজকের AI-প্রযুক্তি চালিত বিশ্বেও একইভাবে প্রাসঙ্গিক।
রাবণ বনাম হনুমান: একটি শিক্ষণীয় গল্প
চলুন ত্রেতা যুগের দুটি চরিত্রের দিকে নজর দিই।
রাবণ: জ্ঞানী, কিন্তু ?

রাবণকে আমরা সবাই চিনি। লঙ্কার মহারাজ। রাবণ ছিলেন তৎকালীন বিশ্বের অন্যতম বিদ্বান। তিনি ৪টি বেদ (ঋক, সাম, যজুর, অথর্ব বেদ) এবং ৬টি উপনিষদ সম্পূর্ণরূপে আয়ত্ত করেছিলেন।এছাড়া তিনি ছিলেন শাস্ত্র, তন্ত্র, মন্ত্র, এবং জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী।রাবণের শিক্ষা শুধুমাত্র জ্ঞানার্জনের জন্য ছিল না। তিনি নিজে মহাশক্তিশালী যোদ্ধা ছিলেন এবং তিনি দেবতাদের থেকেও বহু জ্ঞান ও আশীর্বাদ পেয়েছিলেন।রাবণ তার ক্ষমতাকে বাড়ানোর জন্য অশুভ তন্ত্র এবং যোগ-এর চর্চা করেছিলেন, যা তার শক্তির উৎস হলেও তার পতনের অন্যতম কারণ।
কিন্তু সমস্যা কোথায় ছিল?
রাবণের শিক্ষা এবং জ্ঞান ছিল একপাক্ষিক। তিনি জ্ঞান অর্জন করেছিলেন কিন্তু সেই জ্ঞানের সাথে বিনয়, আত্মসংযম এবং মানবিকতা অর্জন করতে পারেননি।
এমন জ্ঞানী মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। জ্ঞান থাকা সত্ত্বেও তার মধ্যে নৈতিক মূল্যবোধ এবং সততা ছিল না। তিনি জ্ঞানের অপব্যবহার করতেন, যা সমাজের জন্য ক্ষতিকর হয়ে ওঠে।কিন্তু!

কিন্তু তারপর কী হল?
এই জ্ঞানই একদিন তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল।
রাবণ এত বড় জ্ঞানী হয়েও কী করল? অহংকারে অন্ধ হয়ে গেল। নিজেকে পৃথিবীর সেরা ভাবতে শুরু করল। আর সেই অহংকারের বশে ভুল করল।
সে ভেবেছিল, তার শক্তি, তার জ্ঞান তাকে অজেয় করে তুলবে। কিন্তু সত্যিটা অন্য ছিল।
রাবণের অগাধ জ্ঞান সত্ত্বেও তার চরিত্রহীনতা এবং অহংকার তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তার শিক্ষা তাকে নৈতিকভাবে শক্তিশালী করতে পারেনি।সীতাহরণ, শ্রী রামের সাথে শত্রুতা—এই সবই তার ফসল।
হনুমান: বিনয়ী, কিন্তু সত্যিকারের শক্তিশালী
এবার আসি হনুমানের গল্পে। হনুমান, যাকে বলা হয় ভক্তি, বিনয় আর বুদ্ধির মিশ্রণ।
তাঁর শিক্ষাগুরু ছিলেন সূর্যদেব এবং অগস্ত্য মুনি।
সূর্যদেবের কাছে তিনি চরম কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষা লাভ করেছিলেন। সূর্যদেবের রথের সঙ্গে দৌড়াতে দৌড়াতে তিনি সমস্ত বেদের জ্ঞান অর্জন করেছিলেন।
হনুমান শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানই অর্জন করেননি, তিনি সেই জ্ঞানকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করতেন।তাঁর জ্ঞান এবং বুদ্ধিমত্তা ছিল সময়োপযোগী এবং কার্যকরী। তিনি পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন।
কিন্তু হনুমান একটা জিনিস খুব ভালোভাবে জানতেন—জ্ঞানের আসল ক্ষমতা তখনই প্রকাশ পায়, যখন তা সঠিক কাজে ব্যবহার করা হয়।
হনুমানের জ্ঞান অর্জনের পাশাপাশি তার মধ্যে বিনয়, নিষ্ঠা, এবং আত্মত্যাগের গুণ ছিল।
তিনি বিনয়ী ছিলেন, কিন্তু সেটা তার দুর্বলতা ছিল না। বরং সেই বিনয় তাকে আরও শক্তিশালী করেছিল।
যখন সীতা মায়ের খোঁজে হনুমান লঙ্কায় গেলেন, তখন তার বুদ্ধি, সাহস আর ক্ষমতা একে একে সবাইকে অবাক করল।
হনুমান শ্রী রামের প্রতি তার দায়িত্ব পালন করার সময় অসংখ্য চ্যালেঞ্জ মোকাবিলা করেছিলেন। লঙ্কায় যাওয়া, সীতা মায়ের অবস্থান জানানো এবং রাবণের সাথে কৌশলে যুদ্ধ করা—এই সমস্ত কাজে তাঁর বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়।
এত জ্ঞানী এবং শক্তিশালী হয়েও তিনি ছিলেন সম্পূর্ণ বিনয়ী। তিনি কখনো নিজের জ্ঞান বা শক্তিকে অহংকারের জন্য ব্যবহার করেননি।

তাঁর শিক্ষা এবং জ্ঞান তাকে সত্য, ন্যায়, এবং মানবিকতার পথ দেখিয়েছিল।
হনুমানের শিক্ষা এবং জ্ঞান তার চরিত্রকে আরো দৃঢ় এবং সৎ করেছিল। তাঁর বিনয়, বুদ্ধিমত্তা, এবং আত্মত্যাগের গুণাবলী তাকে শক্তির প্রতীক এবং মানবিকতার আদর্শে পরিণত করেছিল।
দু’জনের পার্থক্যটা কোথায়?
একজন হল রাবণ—যার কাছে ছিল জ্ঞান, কিন্তু সেই জ্ঞান তার চরিত্রকে শক্তিশালী করতে পারেনি।
আর একজন হল হনুমান—যার জ্ঞান তাকে বিনয়ী, সৎ আর বুদ্ধিমান করেছিল।
রাবণ তার অহংকারের জন্য শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেল।
আর হনুমান? আজও কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি শক্তির প্রতীক, ভক্তির মূর্তি।
চরিত্র ছাড়া জ্ঞান অর্থহীন
রাবণের জীবন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়:
চরিত্রহীন জ্ঞান সর্বনাশ ডেকে আনে।
তার বিশাল জ্ঞান থাকা সত্ত্বেও, রাবণ তার অহংকার এবং অপকর্মের কারণে সবকিছু হারায়। অন্যদিকে, হনুমানের জ্ঞান, নীতি এবং বিনয় তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।
এই কারণেই আমাদের শুধু শিক্ষা নয়, চরিত্র গঠনে ও মনোযোগ দিতে হবে।
এই চরিত্র গঠনের জন্য আমরা রামচরিতমানস বা অন্য আধ্যাত্মিক গ্রন্থ পড়তে পারি, যা আমাদের জীবনে নৈতিকতা এবং প্রজ্ঞার আলো দেখায়।
ত্রেতা যুগ থেকে আধুনিক যুগ
আজকের দিনে দাঁড়িয়ে এই নীতিগুলি ঠিক ততটাই প্রাসঙ্গিক। আসুন দুটি আধুনিক উদাহরণ দেখি:
ওসামা বিন লাদেন বনাম ডঃ এপিজে আবদুল কালাম:
দুজন মানুষ। দুজনেই অসাধারণ বুদ্ধিমান। দুজনেই তাদের জ্ঞানের মাধ্যমে পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখতেন।
কিন্তু কী অদ্ভুত! একজন নিজের জ্ঞানকে ব্যবহার করেছেন ধ্বংসের জন্য, আর অন্যজন সেই জ্ঞানকে ব্যবহার করেছেন সৃষ্টির জন্য।
এখন প্রশ্নটা হল—তফাতটা কোথায়?
ওসামা বিন লাদেন: জ্ঞানী কিন্তু ধ্বংসাত্মক পথের যাত্রী
শিক্ষা ও জ্ঞান:
ওসামা বিন লাদেন সৌদি আরবের এক ধনী ও প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেন।

- তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন।
- তার পড়াশোনার মূল ভিত্তি ছিল ব্যবহারিক ও প্রযুক্তিগত জ্ঞান, যা তাকে বড় বড় প্রকল্প পরিচালনা করতে সাহায্য করেছিল।
কিন্তু এখানেই তার শিক্ষা শেষ হয়ে যায়। কারণ তার জ্ঞানের সঙ্গে কখনোই নৈতিক মূল্যবোধ বা মানবিকতা জুড়তে পারেনি।
ক্ষমতার অপব্যবহার:
- বিন লাদেন তার অসাধারণ সংগঠক দক্ষতা এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে ধ্বংসাত্মক কাজে লাগিয়েছিলেন।
- তার নেতৃত্বে বহু মানুষের জীবন ধ্বংস হয়েছে।
- তিনি ভুল পথে হাঁটতে গিয়ে নিজের শিক্ষা এবং জ্ঞানকে সন্ত্রাসবাদে রূপান্তরিত করেছিলেন।
মূল সমস্যা:
ওসামার চরিত্রে ছিল নৈতিকতার অভাব এবং স্বার্থপরতা। তার শিক্ষা শুধু তাকে প্রযুক্তিগত দক্ষতা দিয়েছিল, কিন্তু সেই শিক্ষা তাকে ভালো মানুষ হতে শেখায়নি।
তার জীবন এবং কাজ আজ মানুষের কাছে ভয়, ঘৃণা এবং ধ্বংসের প্রতীক হয়ে আছে।
ডঃ এপিজে আবদুল কালাম: জ্ঞানী ও মানবতার পথপ্রদর্শক
শিক্ষা ও জ্ঞান:
ডঃ এপিজে আবদুল কালামের জীবন শুরু হয়েছিল এক সাধারণ পরিবারে। তার কাছে বিলাসিতা ছিল না, কিন্তু ছিল অগাধ ইচ্ছাশক্তি এবং শেখার আগ্রহ।

- তিনি ফিজিক্স নিয়ে পড়াশোনা করেন এবং পরে এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হন।
- তিনি ছিলেন ISRO এবং DRDO-র প্রধান বিজ্ঞানীদের একজন, যিনি ভারতকে মিসাইল প্রযুক্তি-তে বিশ্ব মঞ্চে পৌঁছে দিয়েছিলেন।
- তাঁর শিক্ষার ভিত্তি ছিল বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়ন, যা তিনি দেশের সেবা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে লাগিয়েছিলেন।
জ্ঞান ও নৈতিকতার সংমিশ্রণ:
ডঃ কালামের জ্ঞানের সঙ্গে ছিল অগাধ বিনয়, নৈতিকতা, এবং মানবিকতা। তিনি বলেছিলেন—
“স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না।”
- তিনি তার জ্ঞানকে দেশের উন্নতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ব্যবহার করেছিলেন।
- স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে তিনি স্বপ্ন দেখা এবং সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার শিক্ষা দিতেন।
- তিনি নিজের জীবনকে সাদামাটা রেখেও লক্ষ লক্ষ মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন।
ফলাফল:
ডঃ কালাম শুধুমাত্র ভারতের বিজ্ঞানকে সমৃদ্ধ করেননি, তিনি মর্যাদা, সম্মান এবং ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন
একটি গুরুত্বপূর্ণ শিক্ষা
এই দুই চরিত্র আমাদের একটা স্পষ্ট শিক্ষা দেয়—
শিক্ষা তখনই সার্থক হয়, যখন তার সঙ্গে নৈতিকতা এবং মূল্যবোধ যুক্ত হয়।
- ওসামা বিন লাদেন প্রমাণ করেছেন যে শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই মানুষ বড় হয় না। যদি সেই জ্ঞানের সঙ্গে অহংকার, হিংসা, এবং নৈতিকতার অভাব থাকে, তবে সেই জ্ঞান ধ্বংস ডেকে আনে।
- অন্যদিকে, ডঃ এপিজে আবদুল কালাম দেখিয়েছেন, জ্ঞান যদি বিনয়, নৈতিকতা, এবং দায়িত্ববোধের সঙ্গে থাকে, তবে সেই জ্ঞান পৃথিবীকে বদলে দিতে পারে।
সন্দীপ ঘোষ: আধুনিক যুগের রাবণ
এবার আসুন কলকাতার আর জি কর হাসপাতালের এক সময়ের অধ্যক্ষ (Principal) সন্দীপ ঘোষের গল্পে।

তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাবান। তার শিক্ষা, তার জ্ঞান একসময় তাকে উচ্চস্থানে নিয়ে গিয়েছিল।
কিন্তু… তারপর কী হল?
অন্ধকার শুরু হল।
সন্দীপ ঘোষের জীবন যেন আধুনিক যুগের রাবণের গল্প। তার ছিল জ্ঞান, ক্ষমতা, কিন্তু ছিল না নির্ভরযোগ্যতা, সততা আর নৈতিক মূল্যবোধ।
- তার মধ্যে লোভ আর অহংকারের বিষ ঢুকে পড়েছিল।
- তিনি তার ক্ষমতা ব্যবহার করেছিলেন অন্যায় কাজের জন্য।
- তিনি জড়িয়ে পড়েন ধর্ষণের মতো জঘন্য অপরাধে।
- শেষমেশ, তাকে গ্রেপ্তার করা হয়।
তাহলে বলুন, তার অগাধ শিক্ষা আর জ্ঞান কি তাকে বাঁচাতে পেরেছিল? না, পারেনি।
তাকে মানুষ মনে রেখেছে, কিন্তু তার অপরাধের জন্য, তার পতনের জন্য।
বন্ধুরা, রাবণ আর হনুমানের গল্প কি আজও প্রাসঙ্গিক?
অবশ্যই। কারণ আজও আমরা প্রতিদিন এই রাবণ আর হনুমানের দ্বন্দ্ব দেখি।
একদিকে সন্দীপ ঘোষের মতো মানুষ—যারা জ্ঞানী, কিন্তু চরিত্রহীন।
আর অন্যদিকে হনুমানের মতো মানুষ—যারা বিনয়ী(humble), সৎ, আর মানুষের জন্য নিবেদিত।
আপনার সিদ্ধান্ত কী?
বন্ধুরা, শিক্ষা শুধু চাকরি পাওয়ার বা সফল হওয়ার মাধ্যম নয়। শিক্ষা হল মানুষ গড়ার হাতিয়ার।
আজকের দিনেই ভাবুন—
আপনি কি চান আপনার সন্তান ওসামার মতো শুধু বুদ্ধিমান হোক, নাকি কালামের মতো জ্ঞানে, নীতিতে এবং বিনয়ে অনন্য হয়ে উঠুক?
আপনার সন্তান কী হবে—ধ্বংসের কারণ, নাকি সৃষ্টির আলো?
এই সিদ্ধান্ত আপনার হাতে।
শিক্ষার আসল উদ্দেশ্য শুধু বড় মানুষ হওয়া নয়, বরং ভালো মানুষ হওয়া।
আসুন, আমরা সবাই মিলে এমন একটি প্রজন্ম গড়ে তুলি, যারা ডঃ কালামের মতো জ্ঞানী, বিনয়ী এবং মানবতার আলোকবর্তিকা হবে।
মূল্যবোধের অভাব: একটি বিরাট সমস্যা
আজ অনেক বাবা-মা তাঁদের সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় পেশাজীবী বানানোর স্বপ্ন দেখেন। কিন্তু এই প্রক্রিয়ায় তাঁরা সংস্কৃতি, নৈতিকতাএবংমূল্যবোধ শেখানো প্রায় ভুলেই যান।
ফলস্বরূপ?
সন্তান বড় হয়ে দক্ষ পেশাজীবী হয়, কিন্তু তার মধ্যে সহানুভূতি, দয়াএবংপরিবারের প্রতিদায়িত্ব বোধের অভাব থেকে যায়। বহু ক্ষেত্রেই দেখা যায়, বৃদ্ধ বয়সে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়।
একান্নবর্তী পরিবার থেকে নিউক্লিয়ার পরিবার: পরিবর্তন
আগে, আমরা একান্নবর্তী পরিবারে বড় হতাম। সেখানে দাদু-ঠাকুরদা, ঠাকুমা-দিদিমা আমাদের মূল্যবোধ, সংস্কৃতি এবং নীতিরবীজ আমাদের ছোটবেলা থেকেই বপন করতেন।
কিন্তু আজ, নিউক্লিয়ারপরিবারে এই প্রাকৃতিক শিক্ষার সুযোগ নেই।
তাই এই দায়িত্ব এখন একান্তই আমাদের, বাবা–মায়ের।
Golden Statement

“আমরা যা গ্রহণ করি, তাই-ই আমাদের জীবনে প্রতিফলিত হয়।
We become what we consume.We reflect what we intake in our life.”
Garbage In = Garbage Out
আপনার সন্তান যা শিখছে, যা পড়ছে, সেটাই তার ভবিষ্যৎ গড়বে। তাই তাকে সর্বদা ইতিবাচক শিক্ষা এবং মূল্যবোধ দিয়ে তৈরি করুন।
আপনার সন্তান কার মতো হবে?
আজকের শিক্ষা এবং মূল্যবোধই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নিজেকে প্রশ্ন করুন:
- আপনার সন্তান কি রামের মতো, ন্যায়বোধের প্রতীক, না কি রাবণের মতো, অহংকারের প্রতিচ্ছবি?
- সে কি ওসামাবিন লাদেনের ধ্বংসাত্মক পথে যাবে, না কি ডঃএপিজে আবদুল কালামের মতো মানবকল্যাণে জীবন উৎসর্গ করবে?
এই সিদ্ধান্ত একান্তই আপনার।
কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ
আজ থেকেই শুরু করুন।
- নৈতিকতা ও মূল্যবোধ শিখান: সন্তানের মধ্যে পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং সহানুভূতির মানসিকতা তৈরি করুন।
- ভারতীয় সংস্কৃতি শেখান: রামায়ণ, মহাভারতের গল্প শোনান, যাতে তারা নৈতিক শিক্ষা পায়।
- বিনয়এবং প্রজ্ঞা শেখান: জ্ঞান এবং নীতির ভারসাম্য বজায় রাখতে শেখান।
শেষ কথা
“আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে”—এই স্বপ্ন পূরণ করতে হলে শুধু উচ্চশিক্ষা নয়, আপনার সন্তানের মধ্যে সংস্কৃতি, নৈতিকতা এবং মূল্যবোধের চারাগাছ বপন করুন। আজকের ছোট উদ্যোগই আগামীর বড় পরিবর্তন আনবে।
আপনার সন্তান শুধু সফল পেশাজীবী নয়, একজন সৎ এবং মূল্যবান মানুষ হয়ে উঠুক—এটাই হোক আমাদের সকলের লক্ষ্য।