Corporate Daduji

A Corporate Daduji’s Creation

Are We Becoming Robots?

রোবটের মতো মানুষ — প্রযুক্তির যুগে আমাদের হারানো বুদ্ধি ও সৃজনশীলতার গল্প


কখনও কি মন দিয়ে খেয়াল করেছেন, আজকের প্রজন্মের ছেলেমেয়েদের আচরণ ঠিক যেন রোবটের মতো হয়ে উঠেছে?

বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের — যাদের আমরা ইংরেজিতে ঢং করে বলি Gen Z — তাদের কিছু “স্পেশাল” বৈশিষ্ট্যের কথা তুলে ধরব।

একটি ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি।
একদিন আমি আমার Gen Z ছেলেকে বলি,
👉 “বাবু, নীল রঙের জলের বোতলটা নিয়ে আয়।”

সে ঠিক নীল বোতলটাই এনে দিল, কিন্তু সেটাতে জল আছে কি না—একবারও খেয়াল করল না।
একবারও ভাবল না, আমি কেন বোতলটা আনতে বলেছি। স্বাভাবিকভাবেই জল খাওয়ার জন্যই তো বলেছি।

আর শুধু খালি বোতলটা এনে থেমে যায়নি, এরপর শুরু হয় তর্ক—
👉 “তুমি তো বলেছিলে নীল বোতলটা আনতে। জল আছে কি না চেক করতে তো বলোনি! So your instruction is not proper.”

এই Gen Z প্রজন্মের মধ্যে একটুখানি পর্যবেক্ষণ, একটু চিন্তাভাবনার জায়গা যেন নেই।
যেন ওরা প্রোগ্রাম করা রোবট—যা বলা হবে, ঠিক সেটাই করবে; নিজের মস্তিষ্ক বা যুক্তিবোধ প্রয়োগের কোনো প্রয়োজন মনে করবে না।

এই উদাহরণটা হয়তো খুবই সাধারণ। কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর বাস্তবতা—
👉 আমরা ধীরে ধীরে মানুষ থেকে রোবটে পরিণত হচ্ছি।


💼 কর্পোরেট দুনিয়ায় একই চিত্র

এই রোবোটিক মানসিকতা শুধু ঘরোয়া পরিবেশেই সীমাবদ্ধ নয়। কর্মক্ষেত্রেও আজ একই দৃশ্য চোখে পড়ে।
যখন আমি কোনো জুনিয়র কর্মীকে একটি দায়িত্ব দিই, সে ঠিক নির্দেশ অনুযায়ী কাজ করে। কিন্তু নিজের অভিজ্ঞতা, পর্যবেক্ষণশক্তি বা সৃজনশীলতা কাজে লাগানোর চেষ্টা করে না।

ধরুন, তাকে যদি বলা হয় একটি রিপোর্ট তৈরি করতে—সে ঠিক দেওয়া টেমপ্লেট মেনে রিপোর্ট বানাবে। কিন্তু তাতে কোনো নতুন তথ্য সংযোজন, অতিরিক্ত বিশ্লেষণ বা যুক্তির ছাপ খুব কমই থাকে।
সে যদি নিজের মস্তিষ্ক ও অভিজ্ঞতা ব্যবহার করত, তবে ফলাফল হতো অনেক বেশি শক্তিশালী।

কিন্তু না, এখানেও তারা যেন মোবাইল-নির্ভর এই যুগের এক “নীরব রোবট” হয়ে গেছে।


🧪 প্রযুক্তি শত্রু নয়, কিন্তু সীমারেখা জরুরি

আমি স্পষ্ট করে বলি—আমি প্রযুক্তির বিরোধী নই। বরং প্রযুক্তি আমাদের জীবনে এক বিশাল আশীর্বাদ।
কিন্তু যে কোনো আশীর্বাদ সীমা অতিক্রম করলেই বিষে পরিণত হয়।

ওষুধ যেমন নির্দিষ্ট মাত্রায় খেলেই রোগ সারায়, কিন্তু মাত্রা ছাড়ালেই শরীরে বিষক্রিয়া হয়—
ঠিক তেমনই মোবাইল, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল টুলগুলির ক্ষেত্রেও “লিমিট”টাই আসল।

দুঃখজনকভাবে আজ আমরা প্রযুক্তিকে ব্যবহার করছি না, প্রযুক্তিই আমাদের ব্যবহার করছে
অটো-সাজেস্টেড কন্টেন্ট, নোটিফিকেশনের বৃষ্টি, সোশ্যাল মিডিয়ার অবিরাম স্ক্রল—এইসবের মধ্যে আমাদের মন বাইরের দ্বারা পরিচালিত হয়ে পড়ছে। চিন্তার স্বাধীনতা ক্রমশ কমছে, আর সৃজনশীলতা যেন বন্দি হয়ে যাচ্ছে একটি ছোট স্ক্রিনের ভেতর।


🪄 সমাধান আছে—সচেতনতা ও আত্ম-অনুসন্ধান

এই পরিস্থিতি একদিনে তৈরি হয়নি, তাই একদিনে বদলানোও যাবে না। কিন্তু শুরুটা হতে পারে একটি সহজ ধাপ দিয়ে—
👉 নিজেকে প্রশ্ন করা।

  • আমি কি নিজের মস্তিষ্ক দিয়ে ভাবছি, নাকি শুধু যা বলা হচ্ছে সেটাই করছি?
  • আমি কি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করছি, নাকি প্রযুক্তিই আমাকে চালাচ্ছে?
  • আমি কি নতুন কিছু সৃষ্টি করছি, নাকি কেবল নির্দেশ পালন করছি?

যখন আমরা নিজেদের কাজ ও আচরণকে সচেতনভাবে পর্যবেক্ষণ শুরু করব, তখনই ভিতরের “মানুষটা” ধীরে ধীরে জেগে উঠবে। আমাদের চোখ-কান খোলা থাকবে, মস্তিষ্ক সচল থাকবে, আর সৃজনশীলতা ফিরে আসবে জীবনের প্রতিটি ক্ষেত্রে।


শেষ কথা

মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব — কারণ আমরা ভাবতে পারি, অনুভব করতে পারি, সৃষ্টি করতে পারি।
এই শক্তিটাই যেন প্রযুক্তির আওয়াজে হারিয়ে না যায়।

প্রযুক্তিকে সঠিক সীমার মধ্যে রেখে, সচেতনভাবে ব্যবহার করলেই আমরা রোবটের মতো যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে এসে আবারও চিন্তাশীল, সৃজনশীল মানুষে ফিরে যেতে পারব।

👉 এই সচেতনতা, এই আত্ম-অনুসন্ধানই আমাদের মুক্তির চাবিকাঠি।

See you in next episode.Till then good bye.